



এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় ঢাকার আগারগাঁওয়ে দুই দিনব্যাপী ক্রেতা–বিক্রেতা সম্মিলন ২০২৫ আয়োজন
সারা দেশের এসএমই ক্লাস্টারের উদ্যোক্তা ও নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ স্থাপন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য পণ্যের বহুমুখী যোগানদাতা খুঁজে পেতে সহায়তা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় ০৮-০৯ সেপ্টেম্বর ২০২৫ ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন করা হয়েছে। ‘‘Buyer-Supplier Summit 2025” র্শীষক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট, আবিদা মোস্তাফা বলেন, ঢাকার পর দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। তাই চট্টগ্রামের উদ্যোক্তাদের জন্য তিনি এই ধরনের উদ্যোগ গ্রহণে সক্রিয় হওয়ার আহ্বান জানান। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর পক্ষ থেকে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।” প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. নূরুজ্জামান এনডিসি বলেন “এসএমই উদ্যোক্তারা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের পণ্যের জন্য সঠিক বাজার নিশ্চিত করতে Buyer-Supplier Summit একটি চমৎকার উদ্যোগ। ভবিষ্যতে এই ধারা আরও সম্প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি।” সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান বলেন “এই সামিটের মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের চাহিদা, রুচি এবং বাজারের ট্রেন্ড সম্পর্কে জানার সুযোগ পাবেন, যা তাদের পরবর্তী উৎপাদন পরিকল্পনাকে আরও কার্যকর এবং বাজারমুখী করে তুলবে।‘‘ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইনোভিশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রুবাইয়াৎ সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো এর চেয়ারপার্সন জনাব মো. আবদুর রহিম খান, উইম্যান এন্ট্রারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মিসেস নাসরিন ফাতেমা আউয়াল আইবিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। উল্লেখ্য যে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এসএমই ক্লাস্টার থেকে আগত অতিথিবৃন্দসহ নারী-উদ্যোক্তাদের ৪৬টি প্রতিষ্ঠান ।



