


বেসরকারী উন্নয়ন সংস্থা TMSS (Thengamara Mohila Sabuj Sangha) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম আজ ২৫ জুন ২০২৫ ইং বিকেল ০৪:০০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসংশিত। শুধু তাই নয়, মনোয়ারা হাকিম আলী একজন দূরদর্শী নারী যিনি চট্টগ্রামের আঞ্চলিক পর্যায় থেকে পার্বত্য পর্যায়ে ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন এবং দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। তিনি আরো বলেন নারীদের অর্থনৈতিক সচ্ছলতা ছাড়া কখনোই নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। তিনি বলেন একজন শিক্ষিত ও মানসিকভাবে শক্তিশালী মা-ই একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের সমাজে একজন নারী তথা মাকে অবহেলা করাকেই অভিজাত্যের প্রকাশ হিসেবে দেখা হয়, যা পরিবর্তন হওয়া উচিত। এ সময়ে তার সফর সঙ্গী ইংল্যান্ড এর শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও TMSS এর উপদেষ্টা অধ্যাপক ড. সানজান কে দাস বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল।” তিনি মানুষের প্রয়োজনীয়তার ভিত্তিতে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন তিনি।
এসময়ে CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান তাকে ফুল দিয়ে বরণ করেন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পক্ষে স্বাগত জানান। এসময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন।


