





oplus_1024

বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নারীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নকে এগিয়ে নিতে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই -মোঃ শরিফ উদ্দিন
বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নারীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নকে এগিয়ে নিতে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for ICT Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরিফ উদ্দিন একথা বলেন। নারীদের উন্নয়নের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তিনি বলেন, প্রকৃত অর্থে যাদের প্রয়োজন তাদের সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করাই হবে এই উদ্যোগগুলোর সফলতা। তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের পথে পুরুষদেরও সহযোগিতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব, যা সমাজ ও দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৪ জুন ২০২৫ ইং তারিখ CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব। তিনি তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বর্তমান সময়ে প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। অধিকাংশ নারী উদ্যোক্তা মোবাইল ফোনে শুধুমাত্র ফেসবুকই ব্যবহার করেন। এর পরিবর্তে তিনি মোবাইলকে একটি উন্নয়নমূলক হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান, যেখানে নারীরা মোবাইলের মাধ্যমে নিত্যনতুন প্রযুক্তি শিখে নিজেদের দক্ষতা ও ব্যবসার উন্নয়ন ঘটাতে পারেন। কর্মশালার সম্মানিত অতিথি চট্টগ্রাম আইসিটি অধিদপ্তরের জেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার শিমুল ভৌমিক তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আইসিটি ভীতি বিরাজমান, বিশেষ করে পার্বত্য এলাকায় নেটওয়ার্ক সমস্যা এ খাতে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তিনি উল্লেখ করেন, আমাদের ফেসবুকনির্ভর ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে তথ্য ও জ্ঞানভিত্তিক ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হতে হবে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে ও দক্ষতা অর্জন করতে হবে। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার আগে শক্তিশালী বেসিক ধারণা তৈরি করে দিতে হবে।
CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা নিশাত ইমরান তার স্বাগত বক্তব্যে বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দীর্ঘদিন যাবত নারী উদ্যোাক্তা উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। CWCCI, ২০২৩ সাল থেকে ProGRESS Project, ILO Bangladesh এর সাথে কাজ করেছে। এই প্রকল্পের আওতায় চারটি খাত (আইসিটি, কেয়ার গিভার, কৃষি ও পর্যটন) নিয়ে কাজ করা হচ্ছে। আজকের এই কর্মশালা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি নীতি প্রস্তাবনা (Policy Brief) তৈরি করা হবে, যা আইএলও-র মাধ্যমে সরকার সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন
করা হবে। আশা করি আপনাদের প্রদত্ত সাজেশন কার্যকর প্রভাব ফেলবে। কর্মশালায় “Empowering Women Entrepreneurs through ICT: Overcoming Challenges and Unlocking Opportunities” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমেদ।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির সদস্য নূজহাত নূয়েরি কৃষ্টি । তিনি তার সমাপনী বক্তব্যে বলেন, বর্তমানে অধিকাংশ নারী উদ্যোক্তা F-Commerce-এর (Facebook Commerce) সাথে যুক্ত, কারণ এটি E-Commerce-এর তুলনায় অনেক কম ব্যয়বহুল ও সহজলভ্য। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক এই প্ল্যাটফর্ম ব্যবহারে আলাদা ওয়েবসাইট, লজিস্টিক বা বড় পরিসরের টেকনিক্যাল জ্ঞান ছাড়াও ব্যবসা শুরু করা সম্ভব হয়। তিনি আরও বলেন, প্রযুক্তিকে সহজভাবে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা যেন আরো পেশাদার ও টেকসই ব্যবসা গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক সুবর্ণা দে, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য এবং CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির সদস্য আইভি হাসান, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে আগত উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও আইসিটি খাতের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দ।



