








ব্যবসায় চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতাই সফলতার পূর্বশর্ত
– অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ
চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকলেই একজন উদ্যোক্তা তার ব্যবসায় টিকে থাকতে এবং সফলতা অর্জন করতে পারেন। শুধুমাত্র ব্যবসায়িক পরিকল্পনা নয়, বাস্তবায়নের সাহস ও ধৈর্যই একজন উদ্যোক্তার প্রকৃত শক্তি। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং EASTERN BANK PLC. (EBL Women Banking) এর সহযোগিতায় আয়োজিত “Business Model Canvas (BMC)” শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ একথা বলেন। তিনি আরো বলেন, “প্রত্যন্ত অঞ্চলে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মতো উদ্যোগগুলো শুধু একজন নারীকেই নয়, একটি পরিবার, এমনকি একটি সমাজকেও সাবলম্বী করে তুলতে পারে। এর মাধ্যমে একজন নারীও যদি স্বনির্ভর হয়ে ওঠে, তাহলে সেটাই জাতীয় অর্থনীতির জন্য বড় অবদান।” তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “ব্যবসায় টিকে থাকতে হলে কৌশলগত পরিকল্পনার পাশাপাশি দৃঢ় মনোবল ও সংকল্প থাকতে হবে।” ২২ জুন ২০২৫ ইং তারিখ CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। তিনি বলেন সাহস, ধৈর্য্য ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করে গেলে নারীদের এগিয়ে যাওয়া সম্ভব। আগে নারীরা কেবল হাঁস-মুরগি পালনের মতো ক্ষুদ্র পরিসরের কাজে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন সময় এসেছে সেই সীমাবদ্ধতা থেকে বের হয়ে বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দেওয়ার। তিনি আরও উল্লেখ করেন, “যদি নারীরা তাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে পারে এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়, তবে পুরুষের পাশাপাশি নারীরাও জাতীয় অর্থনীতিতে সমান অবদান রাখতে পারবে।” বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন বলেন, দেশের জনসংখ্যার শতকরা ৫১ ভাগই নারী, তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়। তিনি বলেন, উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হলে অবশ্যই সাহসের প্রয়োজন কারণ এটিই উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্য তৈরি করে। উদ্যোক্তাকে এগিয়ে যেতে হলে সাহসের পাশাপাশি ব্যবসায়িক ধারণা এবং সে সম্পর্কে ইউনিক জ্ঞান থাকতে হয়। ব্যবসায় টিকে থাকতে হলে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম জোনাল হেড (রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, একজন সফল উদ্যোক্তা হতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উপস্থাপনার প্রশংসা করেন এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে (CWCCI) নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও গঠনমূলক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। এছাড়া নারী উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখার জন্য তিনি CWCCI-কে ধন্যবাদ জানান।
ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইম্যান ব্যাংকিং তানজেরী হক তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি অংশগ্রহণকারীর উপস্থাপনা ও ব্যবসায়িক ধারণা অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা এবং তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা করা। তিনি ভবিষ্যতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI)-এর সাথে বৃহত্তর পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণেঅংশগ্রহণকারীদের মাঝে রয়েছে সৃজনশীলতা ও সৃষ্টিশীলতার অপার সম্ভাবনা। তিনি অংশগ্রহণকারীদের শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা তাদের তৈরী Business Model Canvas (BMC) উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে শীর্ষ ৭জন প্রশিক্ষনার্থীকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন জোহা জামিলুর রহমান ও সহকারী হিসেবে ছিলেন মোঃ হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসি ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে আগত উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, CWCCI এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, সৈয়দা কামরুন নাহার, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও সুবর্ণা দে, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান।



